ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের প্রতি ১০ জনের একজন অতিমাত্রার স্থুলতাজনিত সমস্যায় ভুগছেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের এক যৌথ গবেষণায় এ তথ্য পাওয়া যায় বলে বিবিসিসূত্রে জানা গেছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৯৮০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী দেহের ওজনের সূচক (বিএমআই), কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের উপাত্ত পর্যবেক্ষণ করে এ তথ্য জানান।
এ তিনটি কারণে বিভিন্ন ধরনের হৃদরোগের সম্ভাবনা অত্যাধিক হারে বেড়ে যায়।
গবেষণায় দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে অতিমাত্রায় স্থুলতার হার বাড়ার সঙ্গে বেড়েছে উচ্চ রক্তচাপ ও কোলেস্টোরলজনিত রোগ। ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের পুরুষদের বিএমআই ষষ্ঠ স্থানে এবং নারীদের বিএমআই নবম স্থানে রয়েছে।
২০০৮ সালে ৯ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ১৩ দশমিক ৯৮ শতাংশ নারী অতিমাত্রার স্থুলতাজনিত সমস্যা ভুগছিলেন। ১৯৮০ সালে এ হার ছিলো পুরুষদের ক্ষেত্রে ৪ দশমিক ৮ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ৭ দশমিক ৯ শতাংশ।
দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের তুলনায় এ হার ছিলো ৭০ শতাংশ বেশি।
তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বিএমআই বৃদ্ধি পাওয়ার হার সবচেয়ে বেশি উচ্চ আয়ের দেশগুলোতে।
১৯৮০ থেকে ২০০৮ সালের মধ্যে বিএমআই বৃদ্ধি পাওয়ার হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
তবে এসব দেশে বিএমআই হার বাড়লেও উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কিছুটা হলেও কমিয়ে আনতে সক্ষম হয়েছে তারা। উন্নত চিকিৎসা এতে সাহায্য করেছে বলে মনে করছেন গবেষকরা।
অন্যদিকে পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে বলে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24