২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ১০টি নৌ-অ্যাম্বুলেন্স দিলো ইউএসএআইডি

বাংলাদেশের তিনটি বেসরকারি সংস্থাকে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি ১০ টি নৌ-অ্যাম্বুলেন্স দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার ইউএসএআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ-অ্যাম্বুলেন্সগুলো প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষকে সহায়তা, জরুরি চিকিৎসা সেবা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতায় সাহায্য করবে।

নৌ-অ্যাম্বুলেন্স পাওয়া তিনটি বেসরকারি প্রতিষ্ঠান হলো কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন ইউএসএ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ইউএসএআইডি জানায়, ২০০৪ সালের বন্যার সময় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত অনেক পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। চিকিৎসক ও সেবিকারা যোগাযোগ ব্যবস্থার অভাবে আক্রান্তদের কাছে পৌঁছাতে পারেনি। তখনই নৌ-অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার ব্যাপারটি উপলব্ধি করা হয়।

জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে প্রতিটি নৌ-অ্যাম্বুলেন্স ১শ’ টি করে পরিবারকে চিকিৎসা সেবা দিতে পারবে। প্রত্যেকটি নৌ-অ্যাম্বুলেন্স স্বাস্থ্যসেবা এবং অ্যাম্বুলেন্স সুবিধা উভয় প্রকার বিভিন্ন সরঞ্জামে সজ্জিত থাকবে।

নৌ-অ্যাম্বুলেন্সের ক্লিনিক অংশে বহির্বিভাগ চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হবে।

এ ছাড়া রোগীর প্রয়োজনে জটিল বা আধুনিক সেবার জন্য নৌ-অ্যাম্বুলেন্স রোগীকে নিকটবর্তী এমন কোন হাসপাতালে নিয়ে যাবে, যেখানে তারা প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

নৌ-অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স অংশটি দুটি শয্যা স্থাপনের জন্য যথেষ্ট প্রশস্ত এবং জরুরি চিকিৎসা সরঞ্জামে সজ্জিত।

বিশেষভাবে তৈরি এই নৌ-অ্যাম্বুলেন্সগুলো রংপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল এবং ময়মনসিংহের বিভিন্ন দুর্গম অঞ্চলে রাখা হবে।