অটিজমের একটি কারণ হিসেবে জিন মিউটেশনকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা
অটিজম রোগটি সেই আদিকাল থেকে মানুষ বহন করে এলেও চিকিৎসা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এ রোগটির সুনির্দিষ্ট কারন আবিষ্কার করতে পারেননি। তবে অতি সম্প্রতি ফরাসী বিজ্ঞানীরা অটিজমে আক্রান্ত কিছু শিশু নিয়ে গবেষনার পর আশার আলো দেখছেন।
তারা অটিজমে আক্রান্ত ওইসব শিশুর মধ্যে ‘জিন মিউটেশন’ এর ঘটনা খুঁজে পেয়েছেন যা অন্য শিশুদের সঙ্গে অটিজমে আক্রান্ত শিশুদের আলাদা করে দেয়।
বিজ্ঞানীরা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বা এএসডিতে আক্রান্ত ২০০ শিশুকে আলাদা করে তাদের জিন সিকোয়েন্স করেন। এই জিন সিকোয়েন্সের (যা ঝঐঅঘক ৩ নামে পরিচিত) মাধ্যমে তারা তিনটি পরিবারে জিন মিউটেশন দেখতে পান। এই মিউটেশনের ফলেই অটিস্টিক শিশুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বয়স অনুযায়ী দক্ষতা ও আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।
অনেক সময় অটিজমে আক্রান্ত শিশুদের চিহ্নিত করা বেশ মুশকিল। কারন স্বল্পমাত্রার এএসডিতে আক্রান্তদের মধ্যে এর লক্ষন খুব সুক্ষ, ভালোভাবে পর্যবেক্ষন না করলে ধরা পড়ে না। বিজ্ঞানীদের সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০০০ শিশুতে অন্তত ৬ জন স্বল্প অথবা সিরিয়াস এএসডিতে আক্রান্ত। এর মধ্যে শতকরা ৩ থেকে ৬ ভাগ ক্ষেত্রে এএসডির জন্য এই জিন মিউটেশন বা ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট দায়ী।
অটিজম রোগে আক্রান্ত শিশুদের বলা হয় ‘অটিস্টিক বেবি’। সাধারনত জন্মের ৩০ মাসের ভেতরই অটিজমের সব লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। অটিজমে আক্রান্ত শিশুদের অনেকেই সংগীত, শিল্পকলা অথবা গণিত বিষয়ে অসম্ভব দক্ষতার পরিচয় দিয়ে থাকে।
