১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 04:34 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকা বিভাগে ২ এবং সিলেট বিভাগের একজন মারা গেছে। 

এই সময়ে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫২ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৯৬৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৭৭ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ১৫, সিলেটে ১৩৪, চট্টগ্রামে ২৬১, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৫২, খুলনায় ৮৫, রংপুরে ৮ জন।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে হামে উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।