ডেঙ্গু: দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩ রোগী
এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে; তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের দুজনই পুরুষ, এক জনের বয়স ২৪ বছর, আরেকজন ৩০ বছর বয়সী ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ৮ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ১৫ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন রোগী। নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৮৪ জনে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০৮ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৫৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া ঢাকা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ১০৪ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
