ডেঙ্গু: ছয় দিন পর ৫ জনের মৃত্যু
এ নিয়ে চলতি বছর ৫৫৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু; হাসপাতালে ভর্তি রোগীর বেড়ে দাঁড়াল ৯৯ হাজার ৫৬৯ জনে।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।
এ নিয়ে চলতি বছর ৫৫৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ হাজার ৫৬৯ জনে।
এর আগে গত বৃহস্পতিবার ডেঙ্গুতে পাঁচজনের প্রাণ যায়। পরদিন শুক্রবার চারজন, শনিবার তিনজন, রোববার কারও মৃত্যু হয়নি, সোমবার একজন ও মঙ্গলবার দুইজন মারা গেছেন এইডিস মশাবাহিত এই রোগে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৪ জন, ঢাকা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহে নয়জন, চট্টগ্রামে ৪১ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহীতে চারজন, রংপুরে তিনজন, বরিশাল বিভাগে ৩৩ এবং সিলেট বিভাগের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫১২ জন; আর ৮৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯ হাজার ৭৫৬ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮১৩ জন।
ডিসেম্বরের প্রথম ১৮ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬৮ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
