একদিনে ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে, বছরের সর্বোচ্চ
গত এক সপ্তাহে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫ জন রোগী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক দিনে ১৮০ জন রোগী ভর্তি হয়েছে; এক দিনে ভর্তি রোগীর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, গত সাত দিনেই এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন হাজারের বেশি রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ১৩৪ জন ঢাকা শহরের। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন চট্টগ্রাম বিভাগে, যাদের ২৩ জন কক্সবাজার জেলার এবং ৫ জন চট্টগ্রাম জেলার।
এ ছাড়া ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫ জন রোগী।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তার প্রায় অর্ধেকই ভর্তি হয়েছেন অগাস্ট মাসে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৭২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৬৭ জন। অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১০৫ জন।
বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১১৭ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৪৫৭ জন রোগী ভর্তি হয়েছেন অগাস্টের প্রথম ২৫ দিনে। এর আগে জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন।
এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ডেঙ্গুতে এ বছর যে ১৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৯ জন অগাস্টে এবং ৯ জন জুলাইয়ে মারা গেছেন। জুনে একজনের মৃত্যু হয়।
