ডেঙ্গু: ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০৯ জন
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৩৭ জনের প্রাণ গেল।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২০৯ জন।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৩৭ জনের প্রাণ গেল। হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ হাজার ৪৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২২ জন, ঢাকা বিভাগে ২১১ জন, ময়মনসিংহে ৪০ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১৩৭ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্ত হয়েছেন।
যারা মারা গেছেন, তাদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৪ হাজার ৭৯৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩২৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯০০ জন; আর ২৪২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪০ হাজার ৭৭৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৮১ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
আর নভেম্বরের প্রথম সাত দিনে ৭৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
