ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ৬৯৩ জন
মারা যাওয়া দুজন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৩ জন।
এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২২ হাজার ২৪৩ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া দুজন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে নতুন করে ১০০ জন ভর্তি হন। দক্ষিণ সিটির হাসপাতালে ভর্তি হন ১০৯ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৯২ জন।
অপরদিকে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১০৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৫ এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, হাসপাতালে ভর্তি রোগী ছিল ১ লাখ ২ হাজারের মত।
