২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি-স্বজনপ্রীতি দূর করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রী বকুলের

“প্রতিটি পর্যায়ে কথা বলব। কোনো দুর্নীতি নয়; কোনো স্বজনপ্রীতি নয়; কোনো সিন্ডিকেট নয়," বলেন তিনি।

দুর্নীতি-স্বজনপ্রীতি দূর করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রী বকুলের
সচিবালয়ে বুধবার ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 05:11 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিন বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, "আমি যতদিন এখানে আছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো টলারেন্স দেখানো হবে না। কোনো সিন্ডিকেট থাকবে না।"

স্বাস্থ্যখাতের দুর্নীতি ঠেকাতে সাংবাদিকদের সহায়তা চেয়ে তিনি বলেন, "আমি প্রতিটি পর্যায়ে কথা বলব। কোনো দুর্নীতি নয়, কোনো স্বজনপ্রীতি নয়, কোনো সিন্ডিকেট নয়।"

তারেকের মন্ত্রিসভায় জায়গা পাওয়া সরদার সাখাওয়াত এ নিয়ে চতুর্থবারের মতো সংসদে পা রাখতে যাচ্ছেন।

নরসিংদীর এ রাজনীতিক এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয় পান। তিনি নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে ধানের শীষ নিয়ে জয় পান তিনি।

প্রথমবারের মতো মন্ত্রিসভায় জায়গা পাওয়া বকুল নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন, “যেন মানুষ যার যার জায়গায় থেকে ভালো চিকিৎসাসেবা পায়, আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব।”

দেশের চিকাৎসাব্যবস্থায় মানুষের আস্থার ঘাটতি ও অপর্যাপ্ত অবকাঠামোর কথা তুলে ধরে তিনি বলেন, "দেখুন, যখন কোনো কিছুর অভাব থাকে, তখন মানুষ বিকল্প খোঁজে। আমাদের দেশ থেকে যারা বিদেশে যান, তারা সবসময় যে আস্থাহীনতার কারণে যান, তা বলব না। 

“অনেক সময় অনেক চিকিৎসা অবকাঠামো রোগীর চাহিদা অনুযায়ী পাওয়া যায় না। এখন এই রোগীদের ধরে রাখতে হলে আমাদের অবকাঠামো ও সেবার মান বাড়াতে হবে। আমি যদি এখন বলি যে কাউকে বাইরে যেতে দেব না, সেটা ঠিক হবে না। আমাদের কাঠামোগত জায়গায় উন্নতি করতে হবে। " 

চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "কেন তারা যাবেন না? গ্রামের মানুষ কি মানুষ নয়? আগামী ৩০ দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। ডাক্তারদের অবশ্যই অফিসে টাইমলি উপস্থিত হতে হবে। 

"আমি আকস্মিক পরিদর্শনে যাব। যদি কেউ নিয়ম না মানেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"