১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরো ৬৮ জন

এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা চলতি জুলাই মাসের সবচেয়ে কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 07:38 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দেশে গত এক দিনে আরো ৬৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সময়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা চলতি জুলাই মাসের সবচেয়ে কম। 

এ মাসে মোট ১ হাজার ৭১১ জন মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৯ জুলাই ১৯০ জন, ৮ জুলাই ২৫১ জন, ৭ জুলাই ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে জুলাই মাসে মারা গেছেন ৬ জন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে আরো ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।  

এছাড়া বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৭ হাজার ৮১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ১৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আর গত ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।