২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৬৬

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ২৭ হাজার ৩৮৮ জন হসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 05:50 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

দেশে ডেঙ্গু নিয়ে আরো ৩৬৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

তবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিশ মশাবাহিত রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬০ জন। ৫৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হন ২১ জন। 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৬ এবং সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হন ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছে ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৭ হাজার ৩৮৮ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।