২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: আরো ৮ মৃত্যু, শনাক্ত ৯২ জন

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৭২ জনের মৃত্যু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

দেশে গত এক দিনে হামে আক্রান্ত হয়ে আরো দুজন এবং ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৭২ জনের মৃত্যু হল। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১৯১ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ২০ হাজার ৩৫২ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ৩০৬৫ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। 

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯৬ জন এবং রাজশাহী বিভাগে ২০৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে ছয় জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের। এছাড়া একজন করে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের। আর হামে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন, তারাও ঢাকা বিভাগের। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৬৫ জন।

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের ৬টি বিভাগে এ পর্যন্ত ১১ লাখ ৩১ হাজার ১২৮ জনকে টিকা দেওয়া হয়েছে। 

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিং সিটি করপোরেশনে ৩ লাখ ৯ হাজার ৪৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।