ডেঙ্গু: হাসপাতালে ভর্তি রোগী ২২ হাজার ছাড়াল
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৯৫ জন; তাতে এ বছর এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দেয়। সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে হাসপাতালে ভর্তি হন না। এ কারণে দেশে ঠিক কত মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন সেই তথ্য জানা যায় না।
বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। এ ছাড়া ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই ব্যক্তির একজন বরিশাল বিভাগ এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। অগাস্টের প্রথম চারদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অগাস্টে হাসপাতালে গিয়েছেন ১০৮৫ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া ঢাকা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৫৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে নয় জন এবং সিলেট বিভাগে চার জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৩৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৮৬ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
