২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৫

এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৯৮ জনের প্রাণ গেল।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৫
ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: তাওহীদুজ্জামান তপু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে, এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৮ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু; হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৭৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। অগাস্টের প্রথম নয় দিনে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কেউ মারা যায়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯ অগাস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫৫ জন রোগী।

এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৩৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫০ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।