১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সরকারের হিসাবে, চলতি বছর মশাবাহিত এ রোগে দেশে ১০৭ জনের মৃত্যু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 08:30 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু এবং ১ হাজার ১১০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

পাঁচজনের দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার। বাকি তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের; একজন বরিশাল বিভাগের।

সরকারের হিসাবে, চলতি বছর মশাবাহিত এ রোগে দেশে ১০৭ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি মাসের দুই দিনে মারা গেল ১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।  দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩৪ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকায় আরও ১৭১ জন ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১৭৫ জন, খুলনায় ১৯০ জন, ময়মনসিংহে ৬৫ জন, রাজশাহীতে ৯১, রংপুরে ৩২ এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৮ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৮০ জন। এর মধ্যে ৩৫ হাজার ৪৩৩ জন হাসপাতাল ছেড়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।