Published : 13 Jul 2026, 04:29 PM
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স ফিরে পাওয়ার আশায় ‘ত্রুটি সংশোধন করে’ সরকারকে ফের হাসপাতাল পরিদর্শনের আবেদন করেছে মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।"
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কী না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "৬টি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো পদক্ষেপ না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
"হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ সেগুলো সংস্কারের কাজ করছে বলে জানিয়েছে।"
ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। আদালত ও আইন অনুযায়ী সেই মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনভ
তার ভাষ্য, "স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনরায় পরিদর্শনের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
কোরবানির ঈদের আগের দিন ২৭ মে সকালে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।
গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সেদিনই বিকালে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিস দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, ৭ জুন বিকাল ৫টার মধ্যে জানাতে বলা হয় নোটিসে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এর পর গেল ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন
৬ শিশুর মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী
৬ নবজাতকের মৃত্যু: প্রতি পরিবারকে ‘৮০ লাখ টাকা দেবে’ আদ-দ্বীন
৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীনের লাইসেন্স কেন বাতিল হবে না, জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ‘অবহেলায়’ ৬ শিশুর মৃত্যু, মামলা করলেন এক বাবা