২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে ৭৩ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১
ঢাকার অন্য হাসপাতালগুলোর মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার সেখানে এক ওয়ার্ডে রোগী পরীক্ষা করছেন চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ১২০ জন। তাদের মধ্যে ৭৩ জনের মৃত্যু হয়েছে।

শুধু জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন, যা চলতি বছরে সবচেয়ে বেশি। এ বছর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল জুন মাসে, ১৯ জনের।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও জুলাই মাসে সবচেয়ে বেশি, ৮ হাজার ৮২৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন এবং চট্টগ্রাম বিভাগের হাসপাতালে দুইজন চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৩২ জন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৫ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন এবং খুলনা বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩৫৪ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৮৪ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।