২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার: স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে পদে পদে বাধা

নানা ধরনের বাধায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছে, তাদের শিক্ষাগত দক্ষতা গড়ে উঠছে না এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বাংলাদেশে নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে যারা ভুগছেন, তারা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক বাধার মুখে পড়ছেন বলে উঠে এসেছে এক গবেষণায়। 

অটিজম, সেরিব্রাল পালসি, বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং ডাউন সিনড্রোম রয়েছে– এমন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কমসংস্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, নানা ধরনের বাধায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছে, তাদের শিক্ষাগত দক্ষতা গড়ে উঠছে না এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না।

ব্র্যাকের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আপাসেন ইন্টারন্যাশনালের করা এ গবেষণা প্রতিবেদন মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর অধ্যাপক তানভির হাসান এবং গবেষণা প্রকল্পের কারিগরী পরামর্শক লিমিয়া দেওয়ান অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

সেখানে বলা হয়, গবেষণায় সারাদেশের ৩৩ জেলার ৪০টি উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন ৪১৪ জন ব্যক্তির তথ্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১১ জন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ১৩৯ জন বুদ্ধিপ্রতিবন্ধী, ১১৮ জন সেরিব্রাল পালসি এবং ৪০ ডাউন সিনড্রোম আক্রান্ত। 

অংশগ্রহণকারীদের ৪০.০৯ শতাংশ নারী এবং ৫৯.৯১ শতাংশ পুরুষ। তাদের ৫৭.৮৭ শতাংশের বয়স ১১ থেকে ৩০ বছরের মধ্যে।

অংশগ্রহণকারীদের ১৩৬ জন স্নায়ুবিক সমস্যার পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত। আক্রান্তদের ৭৩ জন চিকিৎসা সহায়তা নিয়েছেন। তারা বলেছেন, স্বাস্থ্য কেন্দ্র অনেক দূরে, রাস্তাঘাটের খারাপ অবস্থা স্বাস্থ্যসেবা পেতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। 

এছাড়া অংশগ্রহণকারীরা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান, চিকিৎসকের পরামর্শের সময় খুবই কম দেওয়া, স্বাস্থ্য সেবাদানকারীরা অশোভন বা অসম্মানজনক আচরণের অভিযোগ করেছেন। 

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৫৭ জন জীবনের কোনো সময়ে অন্তত একবার স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছেন। তাদের ৬৮.৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক, ১৯.৭৪ শতাংশ বিশেষায়িত স্কুল, ৭ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক, ১.২৭ শতাংশ কারিগরী এবং মাত্র ৩.১৮ শতাংশ সমন্বিত শিক্ষা ব্যবস্থায় পড়ার সুযোগ পেয়েছেন।  

অংশ নেওয়াদের মধ্যে ২৭৮ জনের বয়স ১৮ বছরের বেশি যারা কাজ করার যোগ্য। তাদের মধ্যে মাত্র ১৬.৪৮ শতাংশ জীবনে কোনো কাজে যুক্ত ছিলেন।

নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার হল এমন একটি অবস্থা যা মস্তিষ্কের বিকাশে সমস্যা সৃষ্টি করে এবং মানুষের শেখা, আচরণ, এবং সামাজিক মিথস্ক্রিয়ার উপর প্রভাব ফেলে। এই ডিজঅর্ডারগুলি সাধারণত শৈশবে শুরু হয় এবং জীবনব্যাপী চলতে পারে।

গবেষণায় বলা হয়, ওই ধরনের ব্যক্তিদের জন্য কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর প্রভাব এখনও খুবই সীমিত। তাই এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একটি পূর্ণাঙ্গ অধিকারভিত্তিক ও সমন্বিত কৌশল প্রণয়ন জরুরি। পাশাপাশি কার্যকর নীতিমালার বাস্তবায়ন, সরকারি-বেসরকারি খাতের সমন্বয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের মানুষের জন্য কিছু অবকাঠামো থাকলেও জনবলের অভাব আছে। সরকারি বা বেসরকারিভাবে অন্তত ১ লাখের বেশি লোক লাগবে।

“এদের যত্ন নেওয়ার জন্য খুবই দক্ষ মানবসম্পদ প্রয়োজন। কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স খুবই সীমিত। এজন্য একটা সংবেদনশীল অর্থনীতি প্রয়োজন এগিয়ে এসে, আগ্রহী হয়ে কাজ করার।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অবস পাবলিক হেলথ এর ডেপুটি ডিন মলয় কান্তি মৃধা, আপাসেন ইউকে ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান, বাংলাদেশ প্রতিনিধি শাহ মাসুদ রানা, ট্রাস্টি অধ্যাপক মোসাদ্দেক আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।