২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: নতুন বছরে হাসপাতালে ভর্তি ১ হাজার

নতুন বছরের প্রথম ২৪ দিনে মশাবাহিত রোগটিতে নয়জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু: নতুন বছরে হাসপাতালে ভর্তি ১ হাজার
ঢাকার অন্য হাসপাতালগুলোর মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার সেখানে এক ওয়ার্ডে রোগী পরীক্ষা করছেন চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো সাতজন, তাদের নিয়ে নতুন বছরে মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ছুঁল। 

আর নতুন বছরের প্রথম ২৪ দিনে নয়জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় চারজন এবং চট্টগ্রাম বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৮৯ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারাদেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।