দেশে হবে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চালু রয়েছে, বলেন তিনি।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন।
তিনি বলেছেন, “বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে। আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
“পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।”
শুক্রবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি’ (বিএসবিসিএস) এ সম্মেলন আয়োজন করে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নারীদের স্তন ক্যান্সার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে।
“অথচ ক্যান্সার এখন আর মারণব্যাধি নয়। বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।”
নির্দিষ্ট বয়সি নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এম এ মুহিত।
তিনি বলেন, “স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে আমাদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সি নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।”
বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডির (বিএসবিসিএস) সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অরুণাংশু দাস, সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি মো. আরিফুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ইসমাইল জাতোই, অধ্যাপক ডন এস ডিজন, অধ্যাপক এম এ হাই, অধ্যাপক মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
