২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একজনের মৃত্যু, হাসপাতালে ৫৭ রোগী

মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গু: একজনের মৃত্যু, হাসপাতালে ৫৭ রোগী
ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগী প্রিয়জনের হাত ধরে বসে আছেন। ছবি: তাওহীদুজ্জামান তপু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এসময় এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৬৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন ৫৭ রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮ জন, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন এবং বরিশাল বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ১৭০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এই সংখ্যা ১৪১।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন; এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ; আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।