ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ১৪৯ জনের মৃত্যু হল।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু ও এক হাজার ৫৬১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৯ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩০৭ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৩৯৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
