ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
চলতি বছর এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২৪ জন। ঢাকার বাইরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, মৃত্যুও বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৪৫৫ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে।
এর বাইরে বরিশাল বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ২৫ জন ও রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন এবং বরিশাল সিটি করপোরেশনের বাইরে একজন।
অধিদপ্তরের তথ্য অনুযাযী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে, এর মধ্যে মারা গেছেন ১১৩ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ২২০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৩৯৯ জন; ঢাকার বাইরে ছিলেন ৮০৫ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়।
ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। মার্চে মাসে আক্রান্ত হয় ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয় দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয় ১২ জনের।
মৃত্যুর হিসাবে দেখা যাচ্ছে, জুনে ৭৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মৃত্যু হয় আট জনের, জুলাইয়ে ২৬৬৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয় ১২ জনের, অগাস্টে ৬৫২১ জন আক্রান্তের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
সেপ্টেম্বরের ১৭ দিনে ৭৩৭৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
