ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ভর্তি
চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৬৬ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৭ জন রোগী। এসময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে তিনজনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি এসব রোগীর সংখ্যা এক দিনের হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।
এর আগে মঙ্গলবার সর্বোচ্চ ৮৭২ জনের ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সবমিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৬৬ জন। সবমিলিয়ে ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ৩৪৫ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯, খুলনা বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৩৯ জন এবং বরিশাল বিভাগে ৪৯ রোগী ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ৪৯৫ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ২১১ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।
জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।
সেপ্টেম্বরের ১৯ দিনে ৯ হাজার ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
