০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

সেপ্টেম্বরে প্রাণ গেছে ৬৭ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 05:40 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৫৯৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬৪ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৬৭ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৩২ জন। 

দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৮৩ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ১৬৫ জন, খুলনায় ২৯০ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ১৩৭ জন, রংপুরে ৬৫ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ বছর ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫০ হাজার ৯৪১ জন হাসপাতাল ছেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।