২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩২১

ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৪১ জন, বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩২১
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

দেশে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৯০৬ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন চিকিৎসাধীন ছিলেন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে।

এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয় গেল জুন মাসে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর ১৬ জুলাই পর্যন্ত মৃত্যু হল ১৮ জনের।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুন মাসে সবচেয়ে বেশি, ৫৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১০ জন। 

এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হন বরিশাল বিভাগে; ১১০ জন। 

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন, ঢাকা বিভাগে নয় জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৪১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯০৪ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।