অগাস্টের চার দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৫ জনের
গত একদিনে কেউ মারা না গেলেও ডেঙ্গু নিয়ে আরো ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে ৫৯ জন; যার মধ্যে চলতি অগাস্টের চার দিনেই প্রাণ গেছে ৫ জনের।
এর আগে গত জুলাই মাসে ৩৬ জন মারা যায় এ রোগে। জুনে মারা গিয়েছিল ১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে কেউ প্রাণ না হারালেও ৫৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৭ হাজার ২১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৮৩৪ জন।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ৮২ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরো ৯৩ জন।
বিভাগের মধ্যে বরিশালে ৭৩ জন, চট্টগ্রামে ৭৩ জন, খুলনায় ৮১ জন ও ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহীতে ২৬ এবং রংপুরে ২২ এবং সিলেটে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
