২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে মঞ্চে ৩ নাটক

জাদুকর, জনকের অনন্তযাত্রা, আর করুণা ও ভীতির গল্প।

ছুটির দিনে মঞ্চে ৩ নাটক

অনুস্বর প্রযোজিত নাটক ‘জাদুকর’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM


ঢাকার নাটক পাড়ায় শুক্রবার ছুটির দিনে তিনটি নাটকের মঞ্চায়ন হবে।

এর মধ্যে রয়েছে অনুস্বর প্রযোজিত ‘জাদুকর’, শিল্পকলা একাডেমির ‘জনকের অনন্তযাত্রা’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের নাটক ‘করুণা ও ভীতির গল্প’।

রাজধানীর কাকরাইলের ৬৭/৪ পাইওনিয়ার রোডে নাট্যদল অনুস্বর-এর নিজস্ব স্টুডিওতে মঞ্চায়িত হবে ‘জাদুকর’। শুক্রবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি প্রদর্শনী হবে বলে জানান অনুস্বর এর দলপ্রধান মোহাম্মদ বারী।

সৈয়দ শামসুল হকের আলোচিত উপন্যাস ‘খেলারাম খেলে যা’র ছায়ায় ‘জাদুকর’ নাটকটি মঞ্চে এনেছে অনুস্বর। নাট্যরূপ দেওয়ার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

গত ২৫ জুলাই ‘জাদুকর’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। এটি অনুস্বর নাট্যদলের সপ্তম প্রযোজনা।

অনুস্বরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের স্টুডিও থিয়েটারে আসন সংখ্যা সীমিত। অগ্রিম টিকেটের জন্য ০১৭৮২৮৪৭৬৪৪ এই নম্বরে যোগাযোগ করতে হবে।

Image

শিল্পকলা একাডেমি প্রযোজিত ‘জনকের অনন্তযাত্রা’

অন্যদিকে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘জনকের অনন্তযাত্রা’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গেল ডিসেম্বরে সরকারি অর্থায়নে নাটকটি প্রথম মঞ্চে আসে।

রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এর কাহিনী আবর্তিত হয়েছে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারের ওপর ঘটে যাওয়া ভয়ঙ্কর নির্মমতার পর তাকে সমাধিস্থ করার ঘটনা নিয়ে।

শুক্রবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা আট দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘করুণা ও ভীতির গল্প’। উইলিয়াম শেক্সপিয়ারের ধ্রুপদী ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অনুসরণে আহমেদুল কবির নাটকটির নির্দেশনা দিয়েছেন।

নাটকটি প্রযোজনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ; অভিনয় করছেন বিভাগের স্নাতক প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।

হত্যা-ষড়যন্ত্র আর সন্দেহের আখ্যানে মোড়া গল্প নিয়ে নাটক ‘করুণা ও ভীতির গল্প’, যার পরতে পরতে মূর্ত হয়ে উঠেছে পঁচাত্তরের ১৫ অগাস্টের নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিয়োগান্ত ঘটনা।