১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস: খাবার খেলেন, অভিযোগও দিলেন

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, অভিযোগ জানালেন এই অভিনেত্রী।

ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস: খাবার খেলেন, অভিযোগও দিলেন

ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের কাছে অভিযোগ দেন অপু বিশ্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 06:43 PM

Updated : 06 Aug 2023, 09:55 PM

সাইবার ‍বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার দুপুরে ঢাকা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খেয়েছেন বলে জানালেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে হল।”

কোন পেইজে বা মেসেঞ্জারে থেকে কী ধরনের বুলিং করা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমি অভিযোগের বিভিন্ন লিঙ্কও দিয়েছি।”

কার দ্বারা বুলিংয়ের শিকার হচ্ছেন, সে সম্পর্কে ধারণা থাকলেও নাম প্রকাশ করতে রাজি হননি অপু।

“কে বুলিং করছেন, তা আমি বুঝতে পারছি। কিন্তু এখন নাম বলতে পারব না। গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক।”

এছাড়া তার প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লালশাড়ি’ যাতে পাইরেসি না হয়, তা নিয়েও অভিযোগ করেছেন অপু।

২০০৫ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশ সিনেমায় কাজ করেছেন, যার অধিকাংশ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে।

Image

অপু বিশ্বাস

শাকিব ও অপু বিয়েও করেছিলেন, যা লুকিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে বিয়ের খবর প্রকাশ করেন অপু। তবে পরের বছরেই তাদের বিয়ে ভেঙে যায়।

এরেমধ্যে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে হয়, তাও লুকানো ছিল। ২০১৮ সালে সন্তান শেহজাদ খান বীরকে সামনে এনে বুবলী বিয়ের খবর প্রকাশ করেন।

এরপর বুবলীর সঙ্গেও শাকিবের দূরত্ব তৈরি হয়। শাকিব আবার অপুর নীড়ে ফিরছেন বলে গুঞ্জন চলছে। তার মধ্যেই সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করলেন অপু।

পুরানো খবর:

‘শাকিব-অপু মিলে যাচ্ছেন, বুবলী কী হারিয়ে যাচ্ছেন?’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশীদ তার ফেইসবুক পেইজে অপু বিশ্বাসের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, “সাইবার বুলিংয়ের কারণে ডিবি কার্যালয়ে অভিযোগপত্র জমা দিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।”

হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “অপু বিশ্বাসকে থানায় ডিজি করতে বলা হয়েছে।”

Image

ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজও সারেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক ঘণ্টাকাল ছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা হারুনের প্রশংসা করে এই চিত্রনায়িকা বলেন, “উনার আতিথেয়তা সত্যিই মুগ্ধ হওয়ার মতো।”

পরেক্ষণে তিনি হেসে বলেন, “আমাকেও দুপুরে লাঞ্চ করতে হয়েছে উনার কার্যালয়ে।”

সম্প্রতি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ পেটানোর পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘটনাটি আলোচনায় আসে। তখন হারুন বলেছিলেন, তিনি তার কার্যালয়ে অতিথিদের আপ্যায়ন করিয়ে থাকেন।