২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কেবিসি: কোটি টাকার পুরস্কার নয়, ঘি পেলেই ‘খুশি’ সাইফ

‘হাইওয়ান’ সিনেমাটি দিয়ে ১৭ বছর পর একসঙ্গে কাজ করেছেন সাইফ ও অক্ষয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:56 PM

Updated : 29 Sep 2026, 05:56 PM

মুম্বাইয়ে কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রতিযোগীতার অংশ নেন কোটি টাকা জিতে নেওয়ার স্বপ্ন নিয়ে। তবে বলিউডি অভিনেতা সাইফ আলী খান ব্যাপারটা অন্যভাবে দেখেছেন।

কোটি টাকার বিষয়টি ছাপিয়ে তিনি যে পুরস্কারের কথায় আটকে গেছেন, তাতে ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেতা।

এনডিটিভি জানিয়েছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন সাইফ। তাদের নতুন সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচার কাজের জন্যই সেখানে যাওয়া দুই অভিনেতার।

সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে কথাবার্তা, প্রশ্নোত্তর— সব মিলিয়ে জমজমাট পর্ব তৈরি হয়, তার মধ্যেই পুরস্কারের প্রসঙ্গে উঠে আসে ঘিয়ের কথা। তাও আবার পরিমাণে এতটা, যাতে দুবছর চলে যায়।

ওই পর্বে অমিতাভের ছুড়ে দেওয়া প্রশ্নগুলোর ঠিকঠাক জবাব দিয়ে একে একে ধাপ পেরুতে থাকেন সাইফ ও অক্ষয়।

হট সিটে বসে সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেতা জুটিকে বলেন, “আপনারা যদি দশম প্রশ্নেরও উত্তর দিতে পারেন, তাহলে দুই বছরের জন্য ঘি জিতে নেবেন।”

এ কথায় উচ্ছ্বসিত হয়ে রসিকতা করে সাইফ বলেন, “কী দারুণ! সত্যি বলছেন! এইজন্যই তো আমি এখানে এসেছি।”

বিগ বি খ্যাত অমিতাভ ফের পুরস্কার হিসেবে ঘি এর নাম উচ্চারণ করলে, সাইফ বলে ওঠেন, “এটাই তো চাই আমাদের, দুবছর চলে যাবে! সহজ কথা নয়।”

সাইফের এমন প্রতিক্রিয়ায় হাসি দমিয়ে পারেননি অক্ষয় ও সেটে বসে থাকা দর্শকরা।

সাইফের এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে অভিনেতাকে নিয়ে রসিকতায় মেতেছে মানুষ।

একজন লিখেছেন, ‘সাইফ তার স্বভাবসুলভ রসিকতায় মেতেছেন’।

‘আপনি জেন জিদের ভুল যুগে জন্মেছেন’, মন্তব্য একজনের।

আরেক জনের কথা, ‘সাইফের আরও একটি জেন জি মুহূর্ত সামনে এল।”

এক ভক্ত লিখেছেন, এমন তো বলবেনই। কারণ তিনি দিল চাহতা হ্যায় সিনেমার সমীর’।

প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে গেল ১১ সেপ্টেম্বর। এই সিনেমার মাধ্যমে ১৭ বছর পর একসঙ্গে কাজ করলেন সাইফ ও অক্ষয়।

কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন বোমান ইরানি, শারিব হাশমি, সাইয়ামি খের এবং শ্রেয়া পিলগাঁওকার।

সিনেমার গল্পটি একজন অন্ধ মার্শাল আর্টিস্টকে কেন্দ্র করে, যিনি এক মানসিক বিকারগ্রস্ত খুনির হাত থেকে একটি শিশুকন্যাকে রক্ষা করেন।