ফ্রিজারে আটকা জাহ্নবীর মুক্তি কীভাবে, দেখা যাবে ‘মিলি’তে
আগামী ৪ নভেম্বর আসছে শ্রীদেবীকন্যার নতুন সিনেমা।
জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ’মিলির টিজার প্রকাশ পেয়েছে। এতে তাকে দেখা যাবে ২৪ বছর বয়সী বিএসসি নার্সিং স্নাতক মিলি নৌদিয়ালের ভূমিকায়।
টিজারে জাহ্নবীকে একটি স্টোরেজে ফ্রিজারের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখা যায়। মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে ফ্রিজার থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।
হিন্দুস্তান টাইমস বুধবার এই টিজার প্রকাশের খবর দিয়ে বলেছে, সারভাইভাল থ্রিলার ’মিলির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কয়েক ঘণ্টা পরে সিনেমাটির প্রথম টিজার উন্মোচন করেন নির্মাতারা। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী। ফ্রিজারের ভেতরে মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে কাঁপতে থাকা মিলিকে দিয়ে টিজার শুরু হয়। ব্যাকগ্রাউন্ডে একটি পুলিশ রেডিও ফোর্স জানতে পারে, কেউ একজন চার ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছে।
টিজারটিতে প্রচণ্ড ঠাণ্ডায় লাল হয়ে যাওয়া জাহ্নবীকে দেখা যায়। কেবল বেঁচে থাকার জন্যই নয়, বিরূপ এই পরিবেশে মানসিক ভারসাম্য ঠিক রাখতেও লড়াই করতে হচ্ছিল তাকে।
টিজারে সহ-অভিনেতা সানি কৌশল ও মনোজ পাওয়াকে এক ঝলক দেখা যায়, তারা দুজনই চিন্তিত নিখোঁজ মিলিকে নিয়ে।
টিজারটি শেষ হয় মিলির একটি কাট শট দিয়ে, ফ্রিজারে আটকে যাওয়ার আগে দুধের প্যাকেট বের করার জন্য ফ্রিজ খোলার একটি দৃশ্যে।
হিন্দুস্তান টাইমস বলেছে, ভক্তদের উচ্ছ্বাস টের পাওয়া গেছে টিজার প্রকাশের পর। একজন মন্তব্য করেছেন, "আশ্চর্যজনক সুন্দর!!! তার অভিব্যক্তি বেশ ভালো...সিনেমা নির্বাচনেও সে দারুণ!!!" ভক্তদের কেউ কেউ বলেছে, ”মূল সিনেমাটি দেখে থাকলেও মিলির জন্য মুখিয়ে আছেন তারা।”
মিলি ২০১৯ সালের মালায়ালাম সিনেমা ‘হেলেন’র হিন্দি রিমেক। এটি প্রযোজনা করেছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। এই প্রথম বাবার প্রযোজিত সিনেমায় আসছেন জাহ্নবী। হেলেনের পরিচালক মাথুকুট্টি জেভিয়ার মিলিও পরিচালনা করেছেন।
আগামী ৪ নভেম্বর ‘মিলির মুক্তির দিন ঠিক করা হয়েছে।
