Published : 08 May 2023, 04:12 PM
ক্যারিয়ারে কেবল প্রথম সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, তাও আবার বয়সে ২০ বছরের বড় অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে, যা নিয়ে আফসোসের শেষ নেই এই অভিনেত্রীর।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মাধুনী সিনেমা জগতে আসেন আশির দশকে। বাঙালি প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে ১৯৮৪ সালে এই নায়িকার প্রথম সিনেমা ‘অবোধ’ তেমন চলেনি।
এর চার বছর বাদে বিনোদ খান্নার বিপরীতে সিনেমা করার সুযোগ আসে মাধুরীর কাছে। ‘দয়াবান’ নামের ওই সিনেমার পরিচালক ও প্রযোজক ছিলেন ফিরোজ খান।
পরিচালক যদিও নায়িকা করতে চেয়েছিলেন শ্রীদেবীকে। কিন্তু শ্রীদেবী রাজি না হওয়ায় মাধুরী হন নায়িকা। আর সেখানে এক দৃশ্যে ২০ বছরের বড় অভিনেতা বিনোদকে চুমু খেতে হয় মাধুরীকে, করতে হয় অন্তরঙ্গ দৃশ্যও।
ওই ঘটনার বহু বছর পর কাজটি নিয়ে আক্ষেপ করে মাধুরী বলেছেন, পরবর্তীতে আর কোনো সিনেমায় চুম্বন দৃশ্যে তিনি অভিনয় করেননি।
মাধুরী বলেন, “মুক্তির পর সিনেমা দেখে মনে হয়েছিল চুম্বনের দৃশ্যটি সিনেমার জন্য এমন জরুরি ছিল না। ওই দৃশ্য বাদ দিলেও চলত। এখনও আফসোস করি।“
সিনেমায় মাধুরীর অভিনয় প্রশংসিত হলেও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকমহলে আলোচনা চলে।
“আমার পরিবারের কেউ ফিল্মজগতের সঙ্গে যুক্ত ছিল না। তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেড ছবির নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করতেন না, তা জানতাম না আমি। পরে সিদ্ধান্ত নিই, এ ধরনের দৃশ্যে আমি আর নেই।“
ইন্ডাস্ট্রির কেউ কেউ অবশ্য মনে করেন, মাধুরী ক্যারিয়ার গড়তে জেনেশুনে চুম্বন দৃশ্যে অভিনয় করে লাইমলাইটে আসতে চেয়েছিলেন।
আর ওই সিনেমাই মাধুরীকে সামনের পথ দেখায়। ‘দয়াবান’ সে সময় ভালো ব্যবসা করার পর মাধুরীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।