১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হীরালাল সেন পদক পেল যুবরাজের 'আদিম'

'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবের শেষ দিন দেখানো হয় আদিম'সহ চারটি চলচ্চিত্র।

হীরালাল সেন পদক পেল যুবরাজের 'আদিম'

এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেও বাংলাদেশে এটাই আদিমের প্রথম পুরস্কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2024, 10:10 PM

Updated : 16 Feb 2024, 10:10 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবে (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪৩০ পেয়েছে নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’।

শুক্রবার এই পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবেরও পর্দা নামল। গত ১২ ফেব্রুয়ারি 'আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ শিরোনামে পাঁচ দিনের এ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ২০টি বাংলা চলচ্চিত্র।

শুক্রবার সমাপনী সন্ধ্যায় যুবরাজ শামীমের হাতে 'হীরালাল সেন পদক–১৪৩০' তুলে দেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'মুজিব: একটি জাতির রূপকার’ এবারের উৎসবে বিশেষ পুরস্কার পায়। পুরস্কার গ্রহণ করেন 'মুজিব' এর নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

উৎসবের শেষ দিন দেখানো হয় আদিম'সহ চারটি চলচ্চিত্র। বাকি চলচ্চিত্রগুলো হল হুব্বা, ডিয়ার মাদার ও দহন।

এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল 'আদিম'। গেল বছর ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

নির্মাতা যুবরাজ শামীম জানান, শিগগিরই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে 'আদিম'।

পুরস্কার প্রাপ্তির পর যুবরাজ শামীম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মস্কোসহ বিশ্বের বহু জায়গায় পুরস্কৃত হয়েছে আদিম, কিন্তু নিজের দেশে এটাই আমার প্রথম পুরস্কার। আদিমের পাওয়া এই পুরস্কার আমি আমার মা সখিনা বেগমকে উৎসর্গ করছি।"