২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৈচৈ বাংলাদেশের প্রজেক্ট হেড হলেন এশা ইউসুফ

এশা ইউসুফ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও অভিনয়শিল্পী শিমূল ইউসুফের মেয়ে। কলকাতার ব্যান্ড ‘ক্যাকটাসের’ গায়ক সাকি ব্যানার্জি তার স্বামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 05:09 PM

Updated : 05 Jul 2023, 05:09 PM

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হৈচৈ বাংলাদেশের প্রজেক্ট হেড হিসেবে যোগ দিয়েছেন এশা ইউসুফ। 

গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সাথে কর্মযাত্রা শুরু করেছেন তিনি। 

এশা ইউসুফ দীর্ঘদিন ধরেই ঢাকা থিয়েটারের সাথে যুক্ত। একাধারে তিনি নাট্যনির্দেশক, অভিনয়শিল্পী ও সংগঠক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তার সুনাম রয়েছে। 

তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ এর নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ। এই ওয়েব সিরিজটির কাজ করতে গিয়েই হৈচৈ এর সাথে কাজের বিষয়ে কথা হয় বলে জানান এশা। 

তিনি গ্লিটজকে বলেন, “তখন থেকেই আমাদের মধ্যে কথা হচ্ছিল। ঈদের আগে আলাপ অনেকটা চূড়ান্ত হয়। গত ২ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে হৈচৈ বাংলাদেশের প্রজেক্ট হেড হিসেবে কাজ শুরু করেছি।”

এশা বলেন, “এখানে ফুলটাইম জব হিসেবেই করছি। এখানে মূলত বাংলাদেশে হৈচৈ এর যে কাজগুলো হবে, সেগুলো বাস্তবায়নে আমার ভূমিকা থাকবে। 

“ওটিটি এখন সারা বিশ্বজুড়েই জনপ্রিয় একটি প্লাটফর্ম হয়ে উঠেছে। এখানে অনেক কাজ করার সুযোগ আছে বলে আমার মনে হয়েছে। প্রথম কোনো ওটিটি প্লাটফর্মে সরাসরি যুক্ত হয়ে কাজ শুরু করেছি। কিছু পরিকল্পনা তৈরি করছি। আশা করছি ভালো কিছু করতে পারবো।” 

এশা ইউসুফ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও অভিনয়শিল্পী শিমূল ইউসুফের মেয়ে। কলকাতার ব্যান্ড ‘ক্যাকটাসের’ গায়ক সাকি ব্যানার্জি তার স্বামী।