১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনে নিল প্যারামাউন্ট, বদলে যাচ্ছে হলিউড
এই চুক্তির ফলে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের স্ট্রিমিং অভিজ্ঞতায় পরিবর্তন আসবে এবং চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে ১১০ বিলিয়ন ডলারে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স, যার মধ্য দিয়ে হলিউড ও আন্তর্জাতিক বিনোদন ও মিডিয়া ব্যবসার মানচিত্রে বড় ধরনের পরিবর্তন এল।
কয়েক মাসের আইনি লড়াই ও মিডিয়া বাজারে আধিপত্য নিয়ে ব্যাপক সমালোচনার পর লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দুই স্টুডিও একীভূত হল।
বিবিসি লিখেছে, এই চুক্তির ফলে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের স্ট্রিমিং অভিজ্ঞতায় পরিবর্তন আসবে এবং চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।
সেই সঙ্গে এই অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম সিএনএন-এর ভবিষ্যত নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করল।
এই একীভূতকরণের ফলে এইচবিও, সিবিএস, নিকেলোডিয়ন, শোটাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিও এবং ফুড নেটওয়ার্কের মত জনপ্রিয় মাধ্যমগুলো এক ছাতার নিচে এল।
প্যারামাউন্টের হাতে আগে থেকেই ইন্ডিয়ানা জোনস, মিশন: ইম্পসিবল এবং শ্রেক-এর মত হিট ফ্র্যাঞ্চাইজি ছিল। এখন এর সঙ্গে যুক্ত হল ওয়ার্নার ব্রাদার্সের হ্যারি পটার, গেম অব থ্রোনস এবং দ্য লর্ড অফ দ্য রিংস-এর মত আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলো।
একীভূত এই বিশাল বিনোদন কোম্পানি 'স্কাইড্যান্স করপোরেশন' নামে আত্মপ্রকাশ করবে। প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণের আগে ডেভিড এলিসন এই কোম্পানির প্রতিষ্ঠা করেন।
স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এলিসন এই অধিগ্রহণ চুক্তিকে চলচ্চিত্র শিল্পের জন্য ‘ঐতিহাসিক’ এক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই দুটি কিংবদন্তি স্টুডিওকে একত্রিত করে এমন একটি শক্তিশালী প্রতিযোগী তৈরি করা, যাদের প্রতিভা, সম্পদ ও পৌঁছানোর ক্ষমতা থাকবে সব ঘরানায়, সব প্ল্যাটফর্মে এবং সব দর্শকের কাছে দুর্দান্ত গল্প পৌঁছে দেওয়ার। এখন সেই লক্ষ্য বাস্তবে রূপ নিয়েছে।”
গত সপ্তাহে এলিসন ম্যাটেলের বিদায়ী প্রধান নির্বাহী ইনন ক্রেইজকে নতুন কোম্পানির কো-চিফ এক্সিকিউটিভ (সহ-প্রধান নির্বাহী) করা হয়েছে। ক্রেইজ কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন এবং নতুন একীভূত ব্যবসার সমন্বয়ের ওপর জোর দেবেন। অন্যদিকে এলিসন মনোযোগ দেবেন কোম্পানির কৌশল ও প্রযুক্তির ওপর।
বিবিসির সাবেক মহাপরিচালক মার্ক টমসন সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। অন্যদিকে বারি ওয়েইস সিবিএস নিউজের এডিটর-ইন-চিফ থাকবেন।
এইচবিও এবং ম্যাক্স কনটেন্টের প্রধান ক্যাসি ব্লোয়িস এখন ডিরেক্ট-টু-কনজিউমার কনটেন্টের কো-চেয়ার ও চিফ কনটেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফরেস্টার রিসার্চের গবেষণা পরিচালক মাইক প্রুলক্স বলেন, এই পরিবর্তনের মানে হল, এইচবিওর নেতৃত্বদানকারী দল এখন স্কাইড্যান্সের সমন্বিত স্ট্রিমিং কার্যক্রম পরিচালনা করবে।
তিনি সতর্ক করে বলেন, “এটি এইচবিও ব্র্যান্ডের জন্য ভালো খবর হলেও ব্লোয়িসের ওপর এমনভাবে ব্যয় কমানোর চাপ থাকবে, যা কনটেন্টের গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে।”
এজে বেল-এর হেড অব মার্কেটস ড্যান কোটসওয়ার্থ বলেন, এখন সুদের হার বেশি, তাছাড়া কোম্পানির ওপর বড় অঙ্কের ঋণের বোঝাও রয়েছে।
“ফলে নতুন স্কাইড্যান্সকে এখন ব্যয় কমিয়ে মুনাফা বাড়াতে হবে, যাতে ঋণ সহনশীল মাত্রায় নামিয়ে আনা যায়।”
একীভূত হওয়ার আগে ওয়ার্নার ব্রাদার্সের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা—টম ক্রুজের 'ডিগার' বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাতে আবারও প্রমাণ হয়েছে যে, শুধু বড় সিনেমা বানানোর মানেই নিশ্চিত লাভ নয়।
মার্জার ঘিরে যত বাধা
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা থেকে তারা সর্বসম্মত অনুমোদন পেয়েছে।
তবে শুরু থেকেই দীর্ঘ এই অধিগ্রহণ প্রক্রিয়ায় নানা ধরনের বিতর্ক ছিল।
বিবিসি লিখেছে, শুরুতে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির একাংশ কেনার চুক্তি করলেও, প্যারামাউন্ট স্কাইড্যান্স নিলামে অংশ নিয়ে বড় অঙ্কের প্রস্তাব দিলে স্ট্রিমিং জায়ান্টটি পিছু হটে।
ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রায় এক ডজন অঙ্গরাজ্যের আইনজীবীরা এই চুক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন। তাদের দাবি ছিল, এই একীভূতকরণের ফলে বাজারে প্রতিযোগিতা কমে যাবে, গ্রাহকদের খরচ বাড়বে এবং এটি সিনেমা হল, কেবল ডিস্ট্রিবিউটর এবং দর্শকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলবে।
অবশ্য গত মাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সঙ্গে প্যারামাউন্ট ও এলিসনের একটি সমঝোতা চুক্তি হয়, যা এই অধিগ্রহণের পথ প্রশস্ত করে।
ওই চুক্তির অংশ হিসেবে প্যারামাউন্ট সিএনএন এবং সিবিএস-এর সংবাদে ‘স্বাধীন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক প্রতিবেদন’ নিশ্চিত করতে একটি 'নিউজ এডিটোরিয়াল ইনডিপেনডেন্স বোর্ড' গঠনে সম্মত হয়।
২০২৫ সালে স্কাইড্যান্স মিডিয়া ও প্যারামাউন্ট একীভূত হওয়ার সময় সিবিএস-এর মালিকানা বদলের পর রাজনীতি ও সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
ডনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ আয়োজন করা এলিসন অবশ্য আশ্বস্ত করেছেন যে, সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা হবে।
১০৩ বছরের ইতিহাসে ওয়ার্নার ব্রাদার্স ১০০টির বেশি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জিতেছে। গত বছরের অস্কারেও তারা ১১টি পুরস্কার নিয়ে রেকর্ড ছুঁয়েছে, যেখানে 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার', 'সিনার্স' এবং 'ওয়েপনস' এর মত সিনেমাগুলোর আধিপত্য ছিল।
অন্যদিকে, ১৯১২ সালে প্রতিষ্ঠিত প্যারামাউন্টেরও রয়েছে 'দ্য গডফাদার' থেকে শুরু করে 'টাইটানিক'-এর মতো ক্লাসিক সিনেমার জন্য ১০০টির বেশি অস্কার।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা সেই গৌরব ধরে রাখতে পারেনি। গত বছর তাদের কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি এবং তাদের শেষ বড় জয় এসেছিল ২০২২ সালে 'টপ গান: ম্যাভেরিক' সিনেমার মাধ্যমে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই চুক্তির বিরুদ্ধে মামলার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, রাজ্যগুলোর সঙ্গে হওয়া চুক্তির মূল লক্ষ্য হল একীভূত স্টুডিওগুলো যেন ‘আসল ও শক্তিশালী সিনেমা’ তৈরি করে, যা অর্থনীতি সচল করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।
কোম্পানিগুলো যাতে অল্প বাজেটের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত কনটেন্ট দিয়ে তাদের বার্ষিক কোটা পূরণ করতে না পারে, সেজন্য চুক্তিতে ‘এআই-জেনারেটেড’ সিনেমা নির্মাণের বিরুদ্ধে কড়া বিধি-নিষেধ রাখা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্যারামাউন্টকে প্রতি বছর অন্তত ৩০টি সিনেমা মুক্তি দিতে হবে। যদি তারা এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তবে হলিউডের প্রভাবশালী হার্ভে উইনস্টেইন ও তার ভাই ববের প্রতিষ্ঠিত 'মিরাম্যাক্স' সিনেমা কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে হবে।
এছাড়া, প্রথম দুই বছর প্যারামাউন্টের মোট চলচ্চিত্র নির্মাণের অন্তত ২০ শতাংশ কাজ যুক্তরাষ্ট্রে করতে হবে। পরবর্তী তিন বছরে এই হার বাড়িয়ে ৩০ শতাংশের বেশি করার শর্ত দেওয়া হয়েছে।
