Published : 16 Sep 2026, 11:40 PM
একক কনসার্ট ‘মুনলিট মেলোডিজ’ নিয়ে মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ৯ অক্টোবর হবে এই সংগীতসন্ধ্যা।
কনসার্টটিকে সামনে রেখে এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা।
কনসার্টের আয়োজন নিয়ে গ্লিটজকে বাপ্পা মজুমদার বলেন, "প্রস্তুতি চলছে, নিয়মিত অনুশীলন করছি। পুরোদস্তুর সোলো কনসার্ট হওয়ায় কাজের চাপ আর ফোকাস দুটোই একটু বেশি রাখতে হচ্ছে।"
গান নির্বাচনের বিষয়ে এই শিল্পী বলেন, "লাইভ শোতে সচরাচর যেসব গান গাওয়া হয়, সেরকম না, বেশ কিছু ভিন্নধর্মী গান দিয়ে সাজানো হচ্ছে এবারের পরিবেশনা। কনসার্টটির আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ম্যাভিক্স গ্লোবাল’।
তবে কেবল কনসার্টই নয়; এর পাশাপাশি নতুন গজল অ্যালবাম, ১০ থেকে ১২টি গানের একটি একক অ্যালবাম এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লার নতুন একটি একক গানের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন বাপ্পা মজুমদার।
তিনি বলেন, "আমার একটি গজল অ্যালবামের রেকর্ডিং শেষ হয়েছে, বর্তমানে মিক্স-মাস্টারিংয়ের কাজ চলছে। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ১০ থেকে ১২টি গান নিয়ে একটি পূর্ণাঙ্গ সোলো অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে।"
এর বাইরে আরও একটি বিশেষ প্রজেক্টের কাজ চলছে জানিয়ে বাপ্পা বলেন, খুব শিগগিরই বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।
এদিকে সংগীতশিল্পী রুনা লায়লার জন্য নির্মিত নতুন গান নিয়ে বাপ্পা বলেন, "রুনা লায়লার কণ্ঠে নতুন আরও একটি একক গানের রেকর্ডিং শেষ হয়েছে, যা এখন মিক্স-মাস্টারিং পর্যায়ে রয়েছে। শিগগিরই সেই গানটি প্রচারের খবরও দেওয়া হবে। "
এর আগে তাদের ‘অনুভবে’ গানটি প্রকাশ পেয়েছিল।
দলছুট ব্যান্ড নিয়ে নিয়মিত স্টেজ শো করলেও বাপ্পা মজুমদারের একক কনসার্টের সংখ্যা তুলনামূলক কম। ২০২২ সালে একটি একক কনসার্ট করেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ‘ওডিসি’ শিরোনামের কনসার্ট করেন।
এ ছাড়া গত বছরের জুলাইয়ে ইয়ামাহা মিউজিক লাউঞ্জে বাপ্পার একটি একক কনসার্ট অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ১২ জুলাই বনানীর যাত্রাবিরতিতে এই শিল্পীর তিন দশকের সংগীতজীবনকে সম্মান জানাতে এক বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যেখানে নতুন প্রজন্মের আটজন শিল্পী বাপ্পার গান পরিবেশন করেন।