১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মায়ের চরিত্রে আপত্তি নেই রাইমার

‘হাওয়া বদল’র সিক্যুয়েলে মায়ের চরিত্রে আসছেন এই অভিনেত্রী।

মায়ের চরিত্রে আপত্তি নেই রাইমার

রাইমা সেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 01:22 AM

Updated : 31 Jul 2023, 01:22 AM

এক দশক পর আসছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘হাওয়া বদল’র সিক্যুয়েল; এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন।

শনিবার ‘হাওয়া বদল ২’ সিনেমার মহরত হয়েছে বলে আনন্দবাজার জানিয়েছে। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার মুখ্য অভিনয়শিল্পী পরমব্রত, রাইমা ও রুদ্রনীল ঘোষ।

অনুষ্ঠানে হালকা নীল সালোয়ার কামিজে সম্পূর্ণ সাবেকি সাজে হাজির হয়েছিলেন রাইমা।

এই সিনেমায় ১৭ বছর বয়সী ছেলের মায়ের চরিত্রে অভিনয় করবেন রাইমা। আগের সিনেমায় এই বাচ্চাটিই তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন।

মায়ের চরিত্রে অভিনয় করতে তার কোনো অস্বস্তি আছে কিনা- এমন প্রশ্নের জবাবে রাইমা আনন্দবাজার পত্রিকাকে বলেন, “আমার মনে হয়, অভিনেতাদের এমন কোনো শর্ত রাখা উচিৎ নয়। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করব না, এ রকম কোনো ভাবনা আমার নেই। চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি।”

তবে খুব বেশি বয়সের চরিত্র হলে সে ক্ষেত্রে একটু ভেবে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী সুচিত্রা সেনের এই নাতনি।

রাইমার কথায়, ‘‘তবে, কবীরকে দেখে ভাবছি আমাদের বয়স বেড়েছে। যদিও আমার মা-বাবার জিনকে ধন্যবাদ যে সেই পরিবর্তন খুব বেশি চোখে পড়ে না।”

শনিবার ‘হাওয়া বদল ২’-এর মহরতের তিনটি ছবি ফেইসবুকে শেয়ার করেন রুদ্রনীল।

ক্যাপশনে অভিনেতা লেখেন, “১০ বছর পর এবার ‘হাওয়া বদল ২’!! আজ ছিল শুভ মহরত ! পরিচালনা পরমব্রত , চিত্রনাট্য পাভেল ! অভিনয়ে পরমব্রত, রুদ্রনীল, রাইমা, অনুষা কবীর ও চঞ্চল ঘোষ !”