২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর ‘মন কি বাত’ এ এবার আমির খানও

প্রধানমন্ত্রীর জনসংযোগের এই উদ্যোগের প্রশংসা করেছেন এই বলিউড তারকা।

মোদীর ‘মন কি বাত’ এ এবার আমির খানও

আমির খান  অংশ নিলেন নরেন্দ্র মোদীর মন কি বাত কনক্লেভে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 11:48 PM

Updated : 26 Apr 2023, 11:48 PM

বিজেপির শাসনে ভারত অসহিষ্ণু হয়ে উঠেছে বলে কয়েক বছর আগেই সমালোচনা করেছিলেন আমির খান, এবার এই বলিউড তারকাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও শো ‘মন কি বাত’ এর অনুষ্ঠানে অংশ নিয়ে এই উদ্যোগের প্রশংসা করলেন।

‘মন কি বাত’র ১০০তম পর্ব উপলক্ষে নয়া দিল্লিতে বুধবার আয়োজিত হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। সেখানে সাংবাদিক, রেডিও জকি ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন আমির খান, রাভিনা ট্যান্ডন, ক্রীড়াবিদ দীপা মালিক ও নিখাত জারিন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে দিনব্যাপী এ অনুষ্ঠান চলে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

‘মন কি বাত’ জনসংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমির খান অনুষ্ঠানে এই মন্তব্য করেন বলে পিটিআই জানিয়েছে।

আমির বলেন, “দেশের প্রধানমন্ত্রী এর মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। নিজের ভাবনা চিন্তা সামনে রাখছেন, উপদেশ দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। এইভাবেই তো আদর্শ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন সম্ভব।

“আপনি মানুষকে জানাবেন আপনি কী দেখছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এর জন্য মানুষের কাছে আপনার কী প্রত্যাশা। মন কি বাতের মধ্যমে জনসংযোগ গড়ে তোলা সম্ভব হয়েছে, যেটা খুব জরুরি।”

অনুষ্ঠানটিতে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি নাগরিক অংশ নিয়েছিলেন। চারটি বিষয়ভিত্তিক অধিবেশন, দুটি বই প্রকাশ, একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রার মোড়ক উন্মোচনসহ বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর রেডিও শো ‘মন কি বাত’ শুরু করেন মোদী। এর ১০০তম পর্ব সম্প্রচারিত হরে ৩০ এপ্রিল।