২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইল আই অ্যামের অনুপ্রেরণা এ আর রাহমান

১৯৯৪ সালে মুক্তি পাওয়া এ আর রাহমানের ‘উর্বশী উর্বশী’ গানটি দীর্ঘদিন হিন্দি গানের টপচার্টের শীর্ষস্থানটি দখল করে রেখেছিল। এক দশক পর সেই গানটি অনুপ্রাণিত করেছে মার্কিন গায়ক উইল আই অ্যামকে। সেই গানটির আদলে নতুন একটি গানও তৈরি করেছেন তিনি, যার নাম ‘বার্থডে’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 02:51 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

উইল আই অ্যামকে অনুপ্রাণিত করতে পেরে উত্তেজিত রাহমানও। সম্প্রতি নিজের ফেইসবুক পেইজে অস্কারজয়ী এই শিল্পী লেখেন, “উইল আই অ্যামের সঙ্গে মিলে আমার জনপ্রিয় গানটিকে নতুন করে তৈরি করার চেষ্টা করেছি, খুব ভালো লাগছে।”

‘বার্থডে’ গানটির মূল সুর ‘উর্বশী উর্বশী’ থেকে নেওয়া, যা প্রথম মুক্তি পায় তামিল সিনেমা ‘কাধালান’-এ। উইল আই অ্যামের সঙ্গে মিলে গানটি লিখেছেন রাহমান নিজে। এটি ডেমিয়েন লিরয়ের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন উইল আই অ্যাম। গানটি গেয়েছেন মার্কিন গায়ক কোডি ওয়াইজ।

‘বার্থডে’ গানটি সাউন্ডক্লাউডে প্রকাশিত হয়েছে ২০ মে।

‘উর্বশী উর্বশী’ গানটি চিত্রায়িত হয়েছিল প্রাভুদেবাকে নিয়ে। তামিল মুভি ‘কাধালান’ পরবর্তীতে ‘হাম সে হ্যায় মুকাবলা’ নামে হিন্দি ভাষায়ও মুক্তি পায়।

এ আর রাহমান এখন ব্যস্ত আছেন মার্কিন সিনেমা ‘মিলিয়ন ডলার আর্ম’ নিয়ে। এই সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি লস এঞ্জেলেসে ‘মিলিয়ন ডলার আর্ম’-এর প্রিমিয়ারে অংশ নেন রাহমান। তার সংগীত পরিচালনায় আরও আসছে হিন্দি সিনেমা ‘লেকার হাম দিওয়ানা দিল’।