২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে নেতিবাচক মাইলি-ক্রিস

শিশুদের জন্য ‘সবচেয়ে নেতিবাচক তারকা ব্যক্তিত্ব’ হিসেবে নির্বাচিত হলেন মাইলি সাইরাস এবং ক্রিস ব্রাউন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 12:53 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

শিশুদের জন্য আদর্শ ব্যক্তিত্বের তালিকায় গায়িকা মাইলি সাইরাস এবং ক্রিস ব্রাউন রয়েছেন সবচেয়ে নেতিবাচক অবস্থানে। একটি সাম্প্রতিক জরিপে ২ হাজার ৪ শ’ ৭ জন বাবা-মায়ের ভোটে মাইলি এবং ক্রিস নির্বাচিত হয়েছেন শিশুদের জন্য সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিত্ব হিসেবে। খবর মিডডের।

দ্য সান জানিয়েছে, কুপনকোডস৪ইউ নামের একটি ওয়েবসাইট আয়োজিত এই জরিপে বাবা-মায়েরা ভোট দিয়েছেন সেসব তারকার জন্য, তাদের মতে যারা শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলছেন। আর এই জরিপে এক নম্বরে এসেছেন মাইলি ও ক্রিস।

হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডজি লোহানকে পেছনে ফেলে ১৯ বছর বয়সী মাইলি জরিপে ৬৮ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন এবং লোহান রয়েছেন দ্বিতীয় স্থানে।

এদিকে রিয়ালিটি তারকা কিম কারদাশিয়ান ৬৩ শতাংশ ভোট পেয়ে রয়েছেন তিন নম্বরে। অভিনেত্রী অ্যামান্ডা বাইনস এবং ফারাহ আব্রাহাম রয়েছেন চার ও পাঁচ নম্বরে যাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৬১ এবং ৫৯ শতাংশ।

এদিকে পুরুষ তারকাদের মধ্যে ৭১ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন গায়ক ক্রিস ব্রাউন। এরপরে ৬৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কেনি ওয়েস্ট এবং তৃতীয় স্থানে ৬৫ শতাংশ ভোট পেয়ে রয়েছেন জাস্টিন বিবার।

প্রথম পাঁচজনের তালিকায় আরও রয়েছেন গায়ক লিল ওয়েন, অভিনেতা চার্লি শিন এবং সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং।