আইনি তোপের মুখে ‘হ্যাপি বার্থডে’
বিশ্বব্যাপী পরিচিত জন্মদিনের গান ‘হ্যাপি বার্থডে টু ইউ’ নিয়ে এবার আমেরিকার নিউ ইয়র্কে শুরু হয়েছে দুপক্ষের আইনি লড়াই। সম্প্রতি গানটির কপিরাইট দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছে ‘ওয়ারনার/ চ্যাপেল’ নামের একটি মিউজিক কোম্পানি। খবর নিউ ইয়র্ক টাইমসের।
নিউ ইয়র্কের এক চলচ্চিত্র নির্মাতা জেনিফার নেলসন স¤প্রতি তার একটি ডকুমেন্টারি মুভির জন্য ‘হ্যাপি বার্থডে’ গানটি ব্যবহার করতে চাইলে ‘ওয়ারনার মিউজিক গ্রুপ’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘ওয়ারনার/চ্যাপেল’ গানটির কপিরাইট দাবি করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে একটি মামলা দায়ের করে।
কোম্পানিটি দাবি করেছে ‘হ্যাপি বার্থডে’ গানটি কোনো সিনেমায় ব্যবহার করতে হলে নির্মাতাকে ১৫০০ ডলার দিয়ে একটি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, আর তারপরেই গানটি ব্যবহার করার সুযোগ পাবেন তিনি।
তারা আরও জানিয়েছে, আঠারশ’ শতকের শেষের দিকে দুই বোন মিলরেড জে হিল এবং প্যাটি স্মিথ হিল ‘গুডমর্নিং টু অল’ নামের একটি গান লিখেছিলেন, যে গানটির সুর পরবর্তীতে ‘হ্যাপি বার্থডে’ গানে ব্যবহার করা হয়।
এ ব্যাপারে ‘ওয়ারনার/চ্যাপেল’ কোম্পানির মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে, এই কপিরাইট দাবি করে প্রত্যেক বছর কোম্পানিটি ২০ লাখ ডলার আয় করছে বিভিন্ন খাত থেকে।
আরও জানা গেছে, গানটির কপিরাইট দাবির সত্যতা প্রমাণ করতে না পারায় ইতোমধ্যেই কোম্পানিটিকে অনুমতি ফি বাবদ প্রাপ্ত অর্থ ফেরত দিতে বলা হয়েছে।
