২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের স্রোতে ‘মরুভূমি’

সাল ২০০৯, একদল বন্ধু মিলে গঠন করলেন একটি ব্যান্ড, নাম ‘ব্ল্যাকহোল’। প্রথম দফায় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দলে নাম লেখালেন সুজন, মামনুন, রেহান, অভি ও সাইফ। এরপর চলল কিছুদিন উত্থান-পতন। সময়ে বেশ কয়েকবার পরিবর্তন হল সদস্যদের নাম।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 01:41 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

ওই বছর এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তারা। কিন্তু নতুন নামে; যার ফলে বিলুপ্ত হল ‘ব্ল্যাকহোল’। আর প্রথম পরিবেশনাতে তারা নিজেদের পরিচিত করলেন ‘মরুভূমি’ হিসেবে। শুরু হল ‘মরুভূমি’র পথচলা।

ভোকালিস্ট সাইফ গ্লিটজকে বলেন, “আমরা সবাই একই স্কুলে পড়েছি। এক এলাকার হাওয়ায় বেড়ে উঠেছি একসঙ্গে। খেলাধুলাও চলত একই মাঠে। স্কুলের শেষদিকে এসে এবং খেলার মাঠে বসে একসময় সিদ্ধান্ত নিলাম আমরা একটা ব্যান্ড করব।”

প্রথম থেকেই তারা চাননি কোনো প্রতিষ্ঠিত ধারায় নিজেদের চিহ্নিত করতে। তবু ধারা হিসেবে যেহেতু একটা পরিচয় দিতেই হবে, তাই ‘মরুভূমি’কে ক্ল্যাসিক রক ব্যান্ড হিসেবেই চিহ্নিত করা হয়।

সাইফ আরও বলেন, “মরুভূমি কোনো নির্দিষ্ট ব্যান্ড ধারার চর্চা করবে না বলে প্রথম থেকেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ অবধি তা বহাল আছে। তবে ক্ল্যাসিক রক ব্যান্ড হিসেবে নিজেদের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি আমরা। আমাদের অনুপ্রেরণা মেটালিকা, আয়রন মেইডেন, পিঙ্ক ফ্লয়েড, ইউরোপ, গান এন’ রোজেস, ড্রিম থিয়েটার, ওয়ারফেইজ, স্করপিয়ন এমন আরও অনেক ব্যান্ড।”

দলের ড্রামার রেহান বলেন, “শুনতে ভালো লাগবে, বুঝতে সহজ হবে এমন গানই করতে চাই আমরা।”

গানের কথা নিয়ে সাইফ বলেন, “সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের আশা যেমন আছে তেমনি আছে হতাশাও। আরও রয়েছে ব্যক্তিগত চাওয়া-পাওয়া এবং তার হিসেব-নিকেশ। এসবই আমাদের গানের কথায় উঠে এসেছে।”

বাছাই করা নয়টি গান নিয়ে প্রথম অ্যালবাম ‘জীবনের স্রোতে’ প্রকাশ করতে যাচ্ছে ‘মরুভূমি’। এতে স্থান পেয়েছে ‘জীবনের স্রোতে’, ‘অসহায়’, ‘ছোটবেলা’, ‘তোমাকে’, ‘মানবতা’, ‘মেঠোপথ’, ‘প্রতীক্ষার প্রহর’, ‘মুখোশ’, ‘শূন্যতা’ শিরোনামের গান।

অ্যালবাম নিয়ে সাইফ বলেন, “প্রতীক্ষার প্রহর আমাদের প্রথম রেকর্ডেড গান। ওটা করেছিলাম ২০১১ সালে। এরপর নিয়মিত স্টুডিওতে কাজের পাশাপাশি, স্টেইজ শো ও এফএম রেডিওগুলোতে গান শোনাতে থাকি। শ্রোতাদের এক্ষেত্রে ধন্যবাদ, আমাদের গান বাছাইয়ের কাজটা সহজ করে দিয়েছে তারা।”

১৪ জুন অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে ঢাকা বিশ্বাবিদ্যালয়ে একটা কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন রেহান।

‘মরুভুমি’ ব্যান্ডের বর্তমান সদস্যদের মধ্যে ভোকালে রয়েছেন শফিকুল ইসলাম সাইফ, বেইজে ফারুক ফেরদৌস, ড্রামসে মোহম্মদ আলী ফারুক রেহান, গিটারে শহিদুল ইসলাম সুজন ও মাহবুবুর রহমান মামনুন এবং কীবোর্ডে নাজমুল হাসান সরকার প্লাবন।