শাহিদের স্ত্রী-প্রাক্তন এক ফ্রেমে!
কারিনা-শাহিদের আলাপ ২০০৪ সালে ‘ফিদা’ সিনেমার সেটে।
একটা সময় হিন্দি সিনেমার দুনিয়ায় অন্যতম চর্চার বিষয় ছিল শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম। ‘যাব উই মেট’ সিনেমায় জুটি হিসেবে যেমন তারা মানিয়ে গিয়েছিলেন, তেমনই পর্দার বাইরেও জমে ওঠে তাদের রসায়ন।
তবে একটা সময়ে প্রেম ভেঙে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পরে আর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও রাখেননি কারিনা ও শাহিদ। একই অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা।
কিন্তু এ বার কারিনার মুখোমুখি হচ্ছেন শাহিদপত্নী মীরা কাপুর। এ খবর জানিয়েছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। কারিনার আড্ডার অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন মীরা। এরিমধ্যে অনুষ্ঠানের শুটিংও হয়েছে। সোশাল মিডিয়ায় কারিনা ও মীরা দুজনেই সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন।
কথোপকথনের বিষয়বস্তু অবশ্য সামনে আসেনি।
সোশাল মিডিয়ায় মীরা ছবিগুলো শেয়ার করে লিখেছেন, “নারীরা নিজেদের মত করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা।
সেই পোস্টের মন্তব্যের ঘরে কারিনা মন্তব্য করেছেন, “তুমি এসেছ, আমি খুব খুশি হয়েছি।”
কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত জীবন— নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এই পর্ব নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
কারিনা-শাহিদের আলাপ ২০০৪ সালে ‘ফিদা’ সিনেমার সেটে। সে সময় শাহিদের সদ্য বিচ্ছেদ হয়েছে। কারিনাকে ভুলতে হয়েছে হৃতিক রোশনকে। ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি। প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার মা ববিতাও সায় দিয়েছিলেন মেয়ের পছন্দে। ঘনিষ্ঠ মহলে কারিনা জানিয়েছিলেন, তিনি শাহিদকে বিয়ে করবেন।
‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-সিনেমাগুললোয় কাজ করার সময় জমে ওঠে তাদের প্রেম। এতটাই গভীর ছিল তাদের সম্পর্ক, শাহিদের জন্য পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা।
শাহিদের কথাতেই ‘যাব উই মেট’ সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। বক্স অফিসে এই সিনেমা তুমুল সফল হয়।
‘যাব উই মেট’-এ গীত-আদিত্যর বিয়ে হলেও শাহিদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই।
কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল? সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন।
পরে যে যার জীবনে সঙ্গী খুঁজে পান কারিনা-শাহিদ।
