২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বুবলীর এবারের নায়ক রাজ

সিনেমার পোস্টার সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন দুজনেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 06:28 PM

Updated : 20 Dec 2023, 05:40 PM

‘প্রহেলিকা’র রেশ কাটতে না কাটতেই ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলীর নতুন কাজের খবর এসেছে। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধে ‘দেয়ালের দেশ’ নামের একটি সিনেমা করেছেন বুবলী।

সরকারি অনুদানের এ সিনেমা নির্মাণ করছেন মিশুক মনি। সোমবার রাজধানীর এক রোস্তরাঁয় সিনেমার পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীদের উপস্থিতিতে ‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়।

মিশুক মনি ফেইসবুকে বলেন, “এই সিনেমায় রাজ ও বুবলীকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকরা কাজের মানের কদর করবেন।“

সিনেমার গল্প আরও পাঁচ বছর আগে মাথায় এসেছিল মনির। তখন থেকেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন।

“এরপর অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিই ২০২০ সালে। পরের বছরই অনুদান আসে এবং শুটিংয়ের কাজ পরে শুরু করি,” বলেন এ নির্মাতা।

সিনেমার পোস্টার সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন বুবলী ও রাজ দুজনেই। তাদের ভাষ্য, চিত্রনাট্য পড়েই গল্পটা মনে ধরেছিল তাদের।

নায়ক শাকিবের হাত ধরে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু বুবলীর। শাকিব ছাড়াও সাইমন সাদিক, নিরব, ইমন, জিয়াউল রোশান, আদর আজাদ এবং সবশেষ মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ সিনেমায় কাজ করেছেন বুবলী। নায়িকা পরীমনির সঙ্গে ‘খেলা হবে’ সিনেমাতেও দেখা যাবে বুবলীকে।

গতবছর ‘পরাণ’ সিনেমা করে অভিনেতা শরীফুল আলম রাজ আলোচনায় আসেন। এরপর করেছেন ‘দামাল’। আগামীতে নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায় পর্দায় আসছেন তিনি।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক