ঐশ্বরিয়াকে এক ঝলক দেখতে দেড় ঘণ্টা অপেক্ষায় ছিলেন ইমরান হাশমি!
“ঐশ্বরিয়াকে দেখে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল! আমার মনে আছে, আমি তার দেখা পাওয়ার জন্য যা করেছিলাম, তা আর কোনো দিন করিনি।”
কয়েক দশক ধরে যার রূপে, গুণে মন্ত্রমুগ্ধ হয়ে আছে অগণিত দর্শক, সেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক বিউটি’ বলার দুঃসাহস দেখিয়েছিলেন ইমরান হাশমি। অথচ একসময় সাবেক এই বিশ্বসুন্দরীর দেখা পেতে অপেক্ষা করেছিলেন অভিনেতা।
আনন্দবাজার বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, বহু বছর আগে অভিষেকপত্নীর দেখা পাবার আশায় দেড় ঘণ্টা তার ভ্যানের বাইরে অপেক্ষা করেছিলেন তিনি।
ইমরানের কথায়, “ঐশ্বরিয়াকে দেখে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল! আমার মনে আছে, আমি তার দেখা পাওয়ার জন্য যা করেছিলাম, তা আর কোনো দিন করিনি।
“তখন আমি মোহিত সুরির সঙ্গে সহকারী পরিচালক হিসাবে ‘রাজ’ সিনেমায় কাজ করছিলাম। আমি শুধু একবার তার দেখা পেতে চেয়েছিলাম। তার জন্য আমি দেড় ঘণ্টা তার ভ্যানের বাইরে অপেক্ষা করেছিলাম। আমি কখনও কারো জন্য এমন কাজ করিনি।”
নায়ক জানান, তার আগে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় ঐশ্বরিয়াকে তিনি দেখেছিলেন, আর তখনই তার ঘুম উড়ে গিয়েছিল।
ঐশ্বরিয়া ভক্ত হয়েও পরবর্তী কালে ‘কফি উইথ করণ’-এ এসে তাকে ‘প্লাস্টিক বিউটি’ বলেছিলেন ইমরান।
তার সেই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হলে সাফাই দিয়ে তিনি বলেছিলেন, “আমি খারাপভাবে কিছু বলতে চাইনি। ‘কফি উইথ করণ’-এর মত অনুষ্ঠানে হ্যাম্পার জেতার জন্য এমন উত্তরই দিতে হয়! আদতে আমি ঐশ্বরিয়ার ভক্ত।’’
