২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ট ফিল্ম ফোরামের তিন যুগ পার

এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও প্রকাশনা অনুষ্ঠান থাকছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 05:53 PM

Updated : 26 Aug 2022, 05:56 PM

চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, প্রকাশনার মতো আয়োজনে তিন যুগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

২৭-২৮ অগাস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এসব আয়োজন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শর্ট ফিল্ম ফোরাম জানিয়েছে, শনিবার বিকাল ৩টায় জাতীয় চিত্রশালার সামনে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকাল ৪টায় থাকবে তিন যুগ বয়সী বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রথম যুগের (১৯৮৬-১৯৯৮) সংকলনের প্রকাশনা উৎসব এবং স্মৃতিচারণ। সন্ধ্যা ৬টায় তারেক মাসুদকে সম্মাননা প্রদান উপলক্ষে প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র 'ফেরা' প্রদর্শিত হবে।

এ বছর সম্মাননা (মরণোত্তর) পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। গত ১৩ অগাস্ট তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে তার মা নুরুন্নাহার মাসুদ ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সন্ধ্যা ৭টায় থাকছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদস্যদের নির্মিত সমকালীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। এ আয়োজনে ছয়টি শর্ট ফিকশন এবং দুইটি শর্ট ডকুমেন্টারি প্রদর্শিত হবে।

শর্ট ফিকশনগুলো হচ্ছে- ধড় (২৬ মিনিট), পরিচালক- আকা রেজা গালিব; দ্য লাস্ট পোস্ট অফিস (১৭ মিনিট), পরিচালক- অং রাখাইন; রিভোল্ট (৮ মিনিট), পরিচালক- অপরাজিতা সংগীতা; চক্রবুহ্য (৮ মিনিট), পরিচালক- লাবণী আশরাফি; পূর্ণগ্রাসের কাল (৩০ মিনিট), পরিচালক- জায়েদ সিদ্দিকী; ঘ্রাণ (২৭ মিনিট), পরিচালক- কামরুল আহসান লেনিন। আর শর্ট ডকুমেন্টারিগুলো হচ্ছে- হাউজ অফ লাইট (১৬ মিনিট), পরিচালক- মাহমুদ হাসান কায়েশ এবং জামদানী (৩ মিনিট), পরিচালক- জুবায়ের রায়হান।

রোববার দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে দিনব্যাপী ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে চলচ্চিত্র’ শীর্ষক স্বাধীন ধারার চলচ্চিত্র প্রদর্শনী। সকাল ১১টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের 'রানওয়ে', বিকাল ৩টা তানভীর মোকাম্মেলের 'চিত্রা নদীর পারে' এবং সন্ধ্যা ৭টায় আকরাম খানের 'খাঁচা'।

বিকাল ৫টায় 'বাংলাদেশি নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারী' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে উল্লেখ করে শর্ট ফিল্ম ফোরাম জানিয়েছে, এল অপু রোজারিওর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চলচ্চিত্র নির্মাতা লাবনী আশরাফি, পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা।

সেমিনারে আলোচক হিসেবে থাকছেন চলচ্চিত্র পরিচালক শামীম আখতার, প্রামাণ্যচিত্রকার ফৌজিয়া খান, চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ও প্রামাণ্যচিত্রকার মানজারে হাসীন মুরাদ।