২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘পিউচার নিচ্চয়তার গ্যারান্টি’ দিচ্ছেন নাসির উদ্দিন

ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ সিন্ডিকেটের স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

‘পিউচার নিচ্চয়তার গ্যারান্টি’ দিচ্ছেন নাসির উদ্দিন

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পাবে ঈদে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 11:05 PM

Updated : 06 Apr 2023, 11:07 PM

ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে সম্প্রতি তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান এই ঈদে আসছেন অ্যালেন স্বপন হয়ে।

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’র একটি চরিত্র ছিল শামসুল রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। ওই সিরিজে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সংলাপ ও অ্যালেন স্বপন চরিত্রটি জনপ্রিয়তা পাওয়ায় নির্মিত হয়েছে সিন্ডিকেটের স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্ম চরকির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। এতে দেখা যায় কোনো একজনের ‘পিউচার নিচ্চয়তার গ্যারান্টি’ দিচ্ছেন অ্যালেন স্বপন।

কুতুবদিয়ার আঞ্চলিক ভাষার মিশ্রণে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খানকে বলতে শোনা যায়, “লাইফের কী গ্যারান্টি আচে বলেন? সুস্থ-সবল মানুষ রাস্তা দি আঁটি অফিসে যাইতেছেন। ওপর থেকে গাছের ডাল ভাঙি ফরি, আপনার শরীর তেকে মাথা আলাদা অয়ি ড্রেনে ফড়ি গেল।

“বিকাল বেলা ফিরতেছেন বউ বাইচ্চার কাছে। ছিন্তাইকারী দরি খুড় চালাই দিল ফ্যাটের মইদ্দে। কী গ্যারান্টি আচে লাইফের। কোনো গ্যারান্টি নাই। আপনার পিউচার নিচ্চয়তার গ্যারান্টি আমি দেব।”

সংলাপের পাশাপাশি মাদক কারবারি স্বপনের বিভিন্ন কাজ কর্ম দেখানো হয়। সংলাপের মতোই শীতল ও ভয়ংকর চাহনি দিয়ে জমিয়ে তুলেছেন ৪৯ সেকেন্ডের টিজার। এতে দুই ঝলক দেখা যায় ‘বাংকার বয়’ ও ‘পুনজন্ম’র অভিনেতা আব্দুল্লাহ সেতুকে।

সিরিজটি নিয়ে নাসির উদ্দিন খান গ্লিটজকে বলেন, “এক বছর ধরে চরিত্রটা দর্শকের কাছে পরিচিত এবং জনপ্রিয়। সে হিসেবে আমার প্রত্যাশা সিরিজটা মানুষ দেখবে।

“এছাড়া শিহাব শাহীনের চিত্রনাট্য ও নির্মাণ খুবই ভালো। যারা অভিনয় করেছেন তারাও খুব ভালো করেছেন। দর্শক আনন্দ নিয়ে সিরিজটা দেখবে।”

মাইশেলফ অ্যালেন স্বপন হতে যাচ্ছে দেশের প্রথম স্পিন-অফ সিরিজ। নাসির উদ্দিন খান বললেন, “যেহেতু এটাই প্রথম, আগামীতে হয়তো আরও স্পিন-অফ হবে। কিন্তু ইতিহাসে প্রথম হিসেবে এই সিরিজটাই থেকে যাবে। ইতিহাসের অংশ হতে পেরেছি ভেবে ভালো লাগা কাজ করছে।”

সাধারণত স্পিন-অফ তৈরি হয় কোনো সিনেমা না সিরিজের জনপ্রিয়তা পাওয়া চরিত্রকে কেন্দ্র করে। নাসির উদ্দিন খান বলেন, “সিন্ডিকেটে অ্যালেন স্বপনের সলিড সিন মাত্র চারটা। এছাড়া খুব ছোট খাটো কয়েকটি দৃশ্যে দেখা গেছে।

“ওই চার-পাঁচটা দৃশ্যেই অ্যালেন স্বপন যা করে দেখিয়েছে তাতেই নির্মাতা ও প্রযোজককে তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে।”

নাসির উদ্দিন খানকে দর্শক চিনতে শুরু করেছে ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে। দুই তিন বছরের মাথায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নিশ্চয় বিশেষ কিছু? এমন প্রশ্নের উত্তরে স্বপন বলেন, “মাইশেলফ অ্যালেন স্বপনের কথা যদি বলেন, এটা আমার কাছে আলাদাভাবে বিশেষ কিছু মনে হচ্ছে না। কারণ এর আগেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। যদিও সেগুলো এখনো মুক্তি পায়নি। সে জায়গা থেকে স্বাভাবিকই লাগছে।”

নির্মাতা শিহাব শাহীন গ্লিটজকে বলেন, ‘সিন্ডিকেট’ মুক্তির পর স্পটলাইট পড়ে ভিলেন ‘অ্যালেন স্বপন’ চরিত্রটির উপর। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও কিছু ‘পাঞ্চলাইন’ দিয়ে ‘অ্যালেন স্বপন’ চরিত্রের নাসির উদ্দিন খান নজর কেড়েছিলেন দর্শকদের। তার কিছু সংলাপ ফেরে মানুষের মুখে মুখে।

ছয় পর্বের এই সিরিজ নিয়ে পরিচালক শাহীন বলেন, “সিন্ডিকেট করার সময় ভাবিনি ‘অ্যালেন স্বপন’ এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে চরিত্রটিকে তিনি ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেকে ভেবেচিন্তে কাজ করেন। দর্শকের পছন্দ হওয়ার মত একটি কাজ হয়েছে।”

তিনি জানান, চট্টগ্রামের ‘ইয়াবা সম্রাট’ থেকে অ্যালেন স্বপনের ‘মানিলন্ডারিং হোতা’ হয়ে ওঠার জার্নি উঠে আসবে এই সিরিজে।

সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের আরও কয়েক জায়গায়। এতে নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ।

আসছে ঈদে চরকিতে মুক্তি পাবে মাইশেলফ অ্যালেন স্বপন।