১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘ভুল’ স্বীকার করে বন অধিদপ্তরকে ডিরেক্টরস গিল্ডের চিঠি

অনন্য ইমনের নাটকে খাঁচায় বন্দি টিয়া পাখি দেখানোর ঘটনায় ভুল স্বীকার করে ডিরেক্টরস গিল্ড চিঠি দিয়েছে বন অধিদপ্তরকে।

‘ভুল’ স্বীকার করে বন অধিদপ্তরকে ডিরেক্টরস গিল্ডের চিঠি

অনন্য ইমনের নাটকের এই দৃশ্য নিয়ে মামলা করেছে বন অধিদপ্তর।

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 10:59 PM

Updated : 24 Aug 2022, 11:44 PM

হাওয়ায় খাঁচাবন্দি শালিক নিয়ে বন অধিদপ্তরের মামলার পর যখন অভিনয় শিল্পী সংঘ নির্মাতা মেজবাউর রহমান সুমনের পক্ষে দাঁড়িয়েছে, তখন উল্টোপথে হাঁটল নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

এর আগের আরেকটি ঘটনায় ‘ভুল’ হওয়ার কথা জানিয়ে ক্ষমা চেয়ে বন অধিদপ্তরে চিঠি দিয়েছে ডিরেক্টরস গিল্ড।

কয়েকদিন আগে দেওয়া এই চিঠি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কেউ কথা না বললেও বুধবার চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলীকের এক ফেইসবুক পোস্টে তা প্রকাশ্যে আসে।

তিনি লেখেন, “খাঁচায় বন্দি পাখি দেখানোর অপরাধে নাট্যনির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে বন অধিদপ্তর ১৫ কোটি টাকার মামলা করে। তার প্রেক্ষিতে আমার প্রাণের সংগঠন ডিরেক্টরস গিল্ডের বর্তমান কার্যনির্বাহী পরিষদ বন অধিদপ্তর বরাবর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে চিঠি দেন (ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, সত্যতা জানি না)।

“আমি বিস্মিত, স্তম্ভিত এবং রাগান্বিত (যদি সত্যি হয়)। এর সত্যতা জানার জন্য একজন সাধারণ সদস্য হিসেবে উক্ত চিঠিটি দেখতে চাই, তাতে কী ভাষা ব্যবহার করা হয়েছে জানতে চাই।”

গত ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’তে একটি টেলিভিশনে প্রচারিত ‘শেষ গল্পটা তুমি’ নাটকের একটি দৃশ্যে খাঁচায় বন্দি টিয়া পাখি দেখিয়েছিলেন নির্মাতা অনন্য ইমন। পরে মার্চে ওই নির্মাতার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সম্প্রতি হাওয়া সিনেমায় শালিক পাখিকে খাঁচায় বন্দি দেখানোর দৃশ্য নিয়ে মামলার মুখে পড়েছেন হাওয়ার নির্মাতা মেজবাউর রহমান সুমন, যা নিয়ে তুমুল আলোচনার মধ্যে অনন্য ইমনের বিষয়টিও সামনে আসছে।

অলিকের ফেইসবুক পোস্টের সূত্র ধরে অনসন্ধান চালিয়ে ওই চিঠি দেওয়ার সত্যতা মেলে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্রকুমার বিশ্বাস বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমন একটি চিঠি তারা পেয়েছেন।

অন্য একটি সূত্রের মাধ্যমে জানা যায়, গত ১৬ অগাস্ট বন অধিদপ্তরের কাছে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।

‘বন্যপ্রাণী আইন ও শাস্তি প্রসঙ্গে’ শীর্ষক ওই চিঠিতে লেখা হয়েছে, “টেলিভিশন নাটক এবং সিনেমায় দীর্ঘদিন ধরে দেশীয় বন্যপ্রাণী টিয়া পাখি, ময়না পাখিসহ অন্যান্য প্রাণীকে গল্পের প্রয়োজনে এবং চিত্রায়নের সুবিধার্থে খাঁচায় বন্দি অবস্থায় নান্দনিকভাবে উপস্থাপন করে আসছি। এ বিষয়ে এতদিন আইনগত কোনো জটিলতায় পড়তে হয়নি।

কিছুদিন আগে আমাদের ডিরেক্টরস গিল্ডের সদস্য নাট্য পরিচালক অনন্য ইমন তার নাটকে টিয়া পাখি প্রদর্শন করায় তার বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়, যা নিয়ে মিডিয়া সংশ্লিষ্ট আমরা সবাই চরম উদ্বিগ্ন।

“বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি সম্পর্কে দীর্ঘদিন ধরে আমাদের না জানার কারণে অনিচ্ছাকৃত ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আর এ ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না, এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।”

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের কাছে চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুরানো খবর:

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন বিভাগের মামলার আবেদন

সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন লাভলু শারীরিকভাবে অসুস্থ থাকায় সহসভাপতি ফরিদুল হাসান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে ফরিদ হাসান বলেন, “এটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। এখনই গণমাধ্যমে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”

সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির অনুলিপি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে- জানানো হলে তিনি বলেন, “সংগঠনের দুজন সদস্য এটি করেছে। কার্যনির্বাহী কমিটির কেউ চিঠির বিষয়টি অবগত নন। যারা এটি করেছে আমরা তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইব। বুধবার রাতে আমাদের একটি সাংগঠনিক বৈঠক হবে। সেখানে বিষয়টি আলোচনা হবে।”

এদিকে ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাক্ষাতের একটি কর্মসূচি রয়েছে বলে জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী।

তিনি বলেন, “ডিরেক্টরস গিল্ড থেকে আমাদের সঙ্গে বসতে চেয়েছে, আমরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আসতে বলেছি। এটা আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। তারা দেখা করতে চেয়েছে, আমরা তাদের আসার জন্য বলেছি।”
চিঠিতে ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে সানাউল্লাহ পাটোয়ারী বলেন, “বিষয়টি এখন আদালতের এখতিয়ার। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না।”

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের ফরিদ হাসান বলেন, “আজ (বুধবার) রাতে আমাদের সংগঠনের কাযনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে, বৃহস্পতিবার বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে যাওয়া হবে কি না। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।”