ছবিতে আছেন ঋষি সুনাক, সোনাম কাপুরও
গ্রুপ ছবিটি কোথায়, কবে তোলা হয়েছিল, তার বিবরণ নেই ছবিতে। তবে ছবিটি যে পুরনো, তা বোঝা যায়।
আরও অনেকের সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একটি ছবি ইনস্টগ্রামে ঘুরছে, যেখানে বলিউড অভিনেত্রী সোনম কাপুরও রয়েছেন।
সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ২৪ ঘণ্টা পর ওই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ইনস্টগ্রামে সেটি পোস্ট করেন খ্যাতিমান সরোদবাদক ওস্তাদ আমজাদ আলি খানের ছেলে আয়ান আলি বাঙ্গাস, যিনি নিজেও একজন বাজিয়ে।
গত ২৫ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, যার শ্বশুরও একজন নামকরা ভারতীয়।
আয়ান আলি বাঙ্গাস লিখেছেন,”প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অসংখ্য শুভেচ্ছা।“এক ভক্ত সেখানে মন্তব্য করেছেন, “ছবিটি অবাক করে দিচ্ছে!"
গ্রুপ ছবিটি কোথায়, কবে তোলা হয়েছিল, তার বিবরণ নেই ছবিতে। তবে ছবিটি যে পুরনো, তা বোঝা যায়।
ছবিতে ঋষি সুনাকের সঙ্গে তার স্ত্রী অকষতা নারায়ণ মূর্তি, শ্বশুর এন আর নারায়ণ মূর্তি, যিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং শাশুড়ি সুধা মূর্তি ছাড়াও সোনমের স্বামী আনন্দ আহুজাকে দেখা যাচ্ছে।
ছবিতে সোনমকে সবুজ পোশাক আর আনন্দ আহুজাকে কালো স্যুটে দেখা যাচ্ছে।
বলিউড সেলিব্রিটিদের অনেকেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়।
মেগাস্টার অমিতাভ বচ্চন একটি ছবি পোস্ট করে লিখেছেন, "জয় ভারত... যুক্তরাজ্য অবশেষে ভারত থেকে একজন রাজ প্রতিনিধি বেছে নিয়েছে।"
বিবেক অগ্নিহোত্রী টুইট করেছেন, ”যুক্তরাজ্যের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী, ঋষি সুনাককে অভিনন্দন। সভ্যতার যথাযথ বিচার।"
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন লিখেছেন, “এ বছরের দীপাবলিকে বিশেষ বলে মনে হচ্ছে! ঋষি সুনাক… সবার জন্যে এটি মঙ্গলমকর হোক। যা পেতে চেয়েছেন তা ধরা দিক আপনাকে। আপনার সকল স্বপ্ন সত্যি হোক।
"কে ভেবেছিল ভারত যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে, ব্রিটিশরা সেসময় একজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবে!” লিখেছেন অভিনেতা চিরঞ্জিবী।
